দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় নির্বাচন, প্রভাব খাটানোর সুযোগ নেই: চিফ হুইপ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। একইসঙ্গে এই নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ সরকার বরদাশত করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে..........
বাংলাদেশ
জার্নাল ডেস্কআসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। একইসঙ্গে এই নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ সরকার বরদাশত করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। বিএনপিতে কোনো চাঁদাবাজ বা দখলদারের জায়গা নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বৈঠকে সরকারের জনকল্যাণমূলক কাজের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকির জন্য সংসদ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্বাধীনভাবে তফসিল ও অন্যান্য সিদ্ধান্ত নেবে, এতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তবে দলীয় প্রতীকে নির্বাচন না হলেও তৃণমূল পর্যায়ে ঐক্য ধরে রাখতে বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন করে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেবে। প্রকৃত জনপ্রতিনিধিরাই যেন নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলে জানান চিফ হুইপ।
আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নূরুল ইসলাম বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য নিশ্ছিদ্র নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজ নিজ এলাকার পূজামণ্ডপে সংসদ সদস্যদের সার্বক্ষণিক সম্পৃক্ত থেকে সমন্বয়ের কাজ করতে বলা হয়েছে।
এছাড়া প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণের বিষয়েও সরকার সজাগ রয়েছে উল্লেখ করে চিফ হুইপ জানান, শ্রমিকদের নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হবে।
বৈঠকে সংসদ সদস্যদের নিজ এলাকার মানুষের সমস্যাগুলো সরাসরি শুনে তা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ জার্নাল/ওএফ
