ময়মনসিংহের ত্রিশালে খিরু নদীর ওপর প্রায় ৮ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন সেতু দেড় বছরেও চালু হয়নি। সংযোগ সড়কের জমি অধিগ্রহণ জটিলতায় সেতুটি অব্যবহৃত পড়ে থাকলেও জরাজীর্ণ পুরোনো বেইলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার মানুষ।
ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজার এলাকায় সেতুটির অবস্থান। স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে খিরু নদীর ওপর নির্মিত পুরোনো বেইলি ব্রিজটি ১৯৮০-এর দশকে তৈরি করা হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্রিজটির পাটাতন ভেঙে ও ক্ষয়ে গেছে। কোথাও কোথাও পাটাতন না থাকায় যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জনদুর্ভোগ কমাতে ২০২২ সালে পুরোনো ব্রিজের পাশে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ৭০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ পায় এমসিই-এমএলএম (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সেতুর মূল নির্মাণকাজ প্রায় দেড় বছর আগে শেষ হয়েছে। তবে সংযোগ সড়কের জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা থাকায় সেতুটি এখনো চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হয়নি। ফলে স্থানীয় লোকজন কাঠের মই ব্যবহার করে সেতুতে ওঠানামা করছেন।
গত ২৩ জুলাই ২০২৬ ত্রিশালের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী সেতুটি পরিদর্শন করেন। সে সময় পরবর্তী সপ্তাহের মধ্যে সেতু চালুর আশ্বাস দেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কিন্তু সেই আশ্বাসের পরও সেতুটি চালু হয়নি।
সেতুটি ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও কৃষিপণ্য পরিবহনকারীরা এ সড়ক ব্যবহার করেন। নতুন সেতুটি চালু হলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনেও সুবিধা বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, জরাজীর্ণ বেইলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, নির্মাণকাজ শেষ হওয়ার পরও সেতুটি চালু না হওয়ায় জনদুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে।
স্থানীয়দের দাবি, সংযোগ সড়কের জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে নতুন সেতুটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হোক। এতে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং ঝুঁকিপূর্ণ পুরোনো ব্রিজের ওপর নির্ভরতা কমবে।
The post ত্রিশালে মরণফাঁদ বেইলি ব্রিজ, নতুন সেতুতে মই দিয়ে পারাপার appeared first on ভোরের চেতনা.
