সংবাদসংস্থা মুম্বই: বলিউডে সম্প্রতি তারকাদের লক্ষ্য করে ঘটে চলা একের পর এক গুলিবর্ষণের ঘটনার জেরে অবশেষে মুখ খুললেন পরিচালক রোহিত শেট্টি। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ শো পরিচালনা করার সময় তিনি বর্তমান গ্যাংস্টার সংস্কৃতি ও তার প্রভাব নিয়ে মুখ খোলেন।
শো চলাকালীন কিছু প্রতিযোগী যখন নিজেদের গ্যাংস্টার হিসেবে জাহির করার চেষ্টা করছিলেন, তখন তাঁদের ভর্ৎসনা করেন রোহিত। তিনি বলেন, "এখানে আমাদের বাড়িতে গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াচ্ছ?" তাঁর এই মন্তব্যে গত ফেব্রুয়ারি মাসে জুহুতে তাঁর নিজের বাড়িতে ঘটা গুলিবর্ষণের ঘটনার কথাই উঠে এসেছে।
গত কয়েকমাসে মুম্বইয়ে সলমন খান, রোহিত শেট্টি এবং সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের মতো বিশিষ্ট বলিউড ব্যক্তিত্বরা গ্যাংস্টারদের নিশানায় পড়েছেন। গত ১ ফেব্রুয়ারি রোহিত শেঠির জুহুর বাসভবনের বাইরে ৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল। অন্যদিকে, সম্প্রতি ১৮ অক্টোবর জুহুর একটি ফুটবল ক্লাবের বাইরে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।
https://www.youtube.com/watch?v=ixVZIaFsQVc&t=2s
টাইগার শ্রফ গুলিবর্ষণের এই ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্তদের আন্ধেরির হোটেল রুম সিল করে দিয়েছে। এছাড়া অপরাধের সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে এবং অপরাধের পুনর্নির্মাণের প্রস্তুতি নিচ্ছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারকাদের ওপর একের পর এক এইরকম সন্ত্রাসী হামলায় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, যার আঁচ এখন রিয়্যালিটি শো-এর মঞ্চেও এসে পড়েছে।
