জয়পুরহাটের কালাই থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে ৩ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। হামলার পর থানা চত্বর থেকে পালিয়ে গেলেও তিন দিন পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাকে জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যার দিকে হামলার ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসলাম কালাই উপজেলার থুপসাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে আহত তিন পুলিশ সদস্য হলেন- কনস্টেবল মাহমুদুল হাসান রকি, গাড়িচালক মাসুদ রানা এবং এএসআই আহসান হাবিব। ঘটনার পর তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আসলাম হোসেনের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় আরও একটি মামলা করেছেন কালাই থানার এসআই আহসান হাবিব। মামলায় পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম করার অভিযোগ আনা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
