রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চকভেকা গ্রামে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীউল বারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শ্যালো মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়। জব্দ করা বালু বিলি-বণ্টনের জন্য চতরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূর আলমের জিম্মায় দেওয়া হয়েছে। অভিযানে পীরগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় করতোয়া নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসার অভিযোগ রয়েছে। এতে নদীর পাড় ভাঙনসহ নদীর স্বাভাবিক পরিবেশ ও গতিপ্রকৃতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের নজরদারি উপেক্ষা করে এভাবে বালু উত্তোলন চলতে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।
