পুলিশের তথ্য অনুযায়ী, তৌহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে।
Published : 18 Oct 2026, 09:56 PM
Updated : 18 Oct 2026, 09:56 PM
কুমিল্লা সদর উপজেলার ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউছার হত্যা মামলায় গ্রেপ্তার দুই ভাইকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
রোববার সন্ধ্যায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়ার আদালত এ আদেশ দেন বলে জানান কুমিল্লা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইয়ুমুল হক রিংকু।
রিমান্ডে নেওয়া দুই ভাই হলেন- তৌহিদুল ইসলাম ও তার বড় ভাই তানজির আলম।
রোববার দুপুরে নিহত কাউছারের ভাই মো. কবির হোসেন পাঁচজনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আরিফুল ইসলাম তাদের ১৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
মামলার অন্য আসামিরা হলেন- দুই ভাইয়ের বাবা খোরশেদ আলম ওরফে মো. হাবিব (৭০), সাইফুল ইসলাম সুমন (৪০) ও ফরহাদ হোসেন (২৮)।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ছত্রখিল এলাকার উপজেলা মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের একটি জায়গায় কফি শপ নির্মাণকে কেন্দ্র করে কাউছার ও শামীমের সঙ্গে তৌহিদ-তানজিরের বিরোধ চলছিল।
শুক্রবার সকালে ওই জায়গায় নির্মাণকাজের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে হামলায় কাউছার ও শামীমসহ কয়েকজন আহত হন। আহত কাউছারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কুমিল্লার নুরপুর এলাকা থেকে তৌহিদকে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তানজিরকে গ্রেপ্তার করা হয়। তৌহিদের বিরুদ্ধে আগের একটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। তানজিরের বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।
