সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চেসি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসার জন্য তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাত্রা করে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।
আহত চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এর আগে, সোমবার রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। সন্ধ্যায় দুর্ঘটনার পর তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তার মাথার ডান দিকে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্রী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোমবার গুরুতর আহত হয়। তার হেড ইনজুরি ছিল। স্কাল ফেটে গিয়েছিল। এখানকার চিকিৎসকরা নিউরোসার্জারি করতে বলেছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং সে ভেন্টিলেশনে ছিল।’
তিনি বলেন, ‘যথেষ্ট চেষ্টা করার পর কর্তব্যরত চিকিৎসকরা সকালেই সিদ্ধান্ত নিয়েছেন যে, এই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠাতে হবে। তাকে ঢাকা নিউরোসায়েন্সেসে রেফার করা হয়েছে। আমরা সেখানকার নিউরোসায়েন্সেসের পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছি। তার জন্য একটি আইসিইউ প্রস্তুত আছে। সেখানে পৌঁছানো মাত্রই চিকিৎসা শুরু হবে। তার কাগজপত্র আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীদের পাশে প্রশাসন সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এভাবেই কাজ করে যেতে চাই এবং যত ধরনের প্রয়োজন হয়, তা পূরণের চেষ্টা করব। এটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিজেরও একটা দায়িত্ব আছে যে, এই মেয়েটি সুদূর বান্দরবান থেকে লেখাপড়া করতে এসেছে। সুতরাং প্রশাসনের দায়িত্বে থাকা অবস্থায় আমরাই তো তার অভিভাবক। এই বার্তাটিই দিতে চাই যে- আমরা ইতিপূর্বেও করেছি, ভবিষ্যতেও করব; ইনশাআল্লাহ।’
চেসি ত্রিপুরার জন্য প্রার্থনা চেয়ে উপাচার্য বলেন, ‘আমি দেশবাসীর কাছে বলব, আমাদের এই শিক্ষার্থীর জন্য আমরা সবাই যেন বিধাতার কাছে প্রার্থনা করি, যাতে সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।’
