কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুজনকে আটকও করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার, কসবা, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করে। এসব অভিযানে দুজনকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
জব্দ করা এসব মালামালের মধ্যে রয়েছে বাসমতি চাল, বাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, আমুল বাটার, গরু, চকলেট, চা-পাতা, বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, স্ক্রিন ক্রিম, ফেসওয়াশ, অলিভ অয়েল, বডি স্প্রে, গার্নিয়ার স্কিন ন্যাচারাল ওয়াটার, কুঁচিয়া মাছ, গাঁজা, মদ, বিয়ার ও মোটরসাইকেল। বিজিবির তথ্যমতে এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
