কথায় আছে লাইক ফাদার লাইক সন। বাবা বীরেন্দ্র শেহওয়াগের নাম ক্রিকেটপ্রেমীরা মনে রেখেছেন আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। এবার সেই ব্যাটিংয়ের ধারা বজায় রাখলেন ১৮ বছরের তরুণ আর্যবীর। বাবার মতোই মারকুটে ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকালেন শেহওয়াগের বড় ছেলে। ভিনু মানকড় ট্রফিতে খেলতে নেমে দিল্লির হয়ে মাত্র ১৪৩ বলে ১৭৩ রান করেন জুনিয়র শেহওয়াগ।
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে। সেখানে দারুণ ছন্দে ছিলেন আর্যবীর। ৩ ম্যাচে আর্যবীরের রান ১০৯। এবার দিল্লি দলের নেতৃত্ব তাঁর কাঁধে। চণ্ডীগড়ের বিরুদ্ধে আগুন ঝরল তাঁর ব্যাটে। ওপেনে নেমে ১৪৩ বলে ১৭৩ রান করেন তিনি। যার মধ্যে ছিল ১৯টা চার ও ৮টা ছক্কা। স্ট্রাইক রেট ১২১। আর্যবীরের পর দলের সর্বোচ্চ স্কোরার সহ-ওপেনার অর্ণব বাগগা। তাঁর রান ৪৭। তবে দলের ইনিংস একাই এগিয়ে নিয়ে যান আর্যবীর। শেষ পর্যন্ত দিল্লি তোলে ২৮৯ রান।
ক্রিকেটমহলের মতে, বাবার ছায়া দেখা যাচ্ছে আর্যবীরের ব্যাটিংয়ে। নিজের ক্রিকেটজীবনে খুব একটা ফুটওয়ার্ক নিয়ে মাথা ঘামাননি শেহওয়াগ। এক জায়গায় দাঁড়িয়েই জোরালো শট মেরে বল পাঠিয়ে দিতেন বাউন্ডারির বাইরে। ঠিক সেই ধাঁচেই ব্যাট করে শেহওয়াগের জ্যেষ্ঠপুত্র।
তবে আগের ম্যাচে রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের কর্নাটকের কাছে হেরেছিল দিল্লি। সেই ম্যাচে চেষ্টা করেও দলের হার বাঁচাতে পারেননি আর্যবীর। এবার একেবারে সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন। তবে বোলিং ব্যর্থতায় দিল্লি জিততে পারবে কি না প্রশ্ন। আর্যবীর রান পেলেও ‘ই’ গ্রুপে দিল্লি জয়ের মুখ দেখছে না।
