মোজাম্মেল হক নয়ন: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র্যালি ও সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সৈয়দপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে সৈয়দপুরের জিআরপি মোড় থেকে একটি র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে পাঁচমাথা মোড়ের পুলিশ বক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক গড়ে তোলা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
আয়োজকেরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি ও সবার সম্মিলিত উদ্যোগ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সানা/আপ্র/২৩/১০/২০২৬
