বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক এনামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। লামাকাজী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া অসুস্থ থাকায় এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান – ১ হওয়ায় এনামুল হক এনাম গত ৬ অক্টোবর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পান। কিন্তু দায়িত্ব পাওয়ার ৭ দিনের মাথায় তিনি গ্রেফতার হলেন।
এনামুল হক এনাম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিশ্বনাথ উপজেলার কার্যকরী কমিটির সদস্য। বুধবার রাতে তাকে সিলেট নগরী থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার রাতে সিলেট শহরের অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা এনামুল হক এনামকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক এনামের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
