উৎসবের আবহে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক। স্কুলগুলি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া স্কুলগুলি হল। হুড়োহুড়ির মধ্যে বাড়ি ফেরানো হল পড়ুয়াদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে রাজধানীর একাধিক স্কুলে হুমকি ইমেল পাঠানো হয়। সেখানে লেখা, ‘বোমা মেরে স্কুলগুলি উড়িয়ে দেওয়া হবে। কিছু কিছু স্কুলের ভিতরে আগে থেকেই বোমা রাখা আছে। মৃত্যু হবে বহু পড়ুয়ার।’ এই হুমকি পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে স্কুল কর্তৃপক্ষগুলি। কার্যত হুলস্থুল পড়ে যায়। তড়িঘড়ি ফাঁকা করা হয় স্কুলগুলি। গোটা ঘটনাটকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আসে বম্ব স্কোয়াডও। সূত্র মারফত জানা যাচ্ছে, স্কুলগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। কে বা কারা এই হুমকি ইমেল পাঠাল, সেটাও এখনও স্পষ্ট নয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, এমন হুমকি অবশ্য রাজধানীতে নতুন নয়। এর আগে একাধিকবার দিল্লির বহু স্কুলে উড়ো ফোন যায়। শুধু তাই নয়, পাঠানো হয় ইমেলও। সেখানে দাবি করা হয়, স্কুলগুলিতে বোমা রাখা আছে, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও তল্লাশির পর কোথাও কিছুই পাওয়া যায়নি।
