আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেকে। ঘটনাটিকে ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করে আসিফের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানী লেখেন, “গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ ভালো রাখুন তোমাকে।”
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের জায়গায় আসিফের গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে পাঁচটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে এসে এক অজ্ঞাত ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানতে পারে, গুলির সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এই গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
