ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের ওপর হামলার পর বড় ধরনের সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার প্রেক্ষাপটে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে এ মন্তব্য করেন তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘এই নির্বাচনে আমাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে হবে।’
আইনসভা নির্বাচনের মাত্র কয়েক দিন আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান নেতানিয়াহু। তবে এ ক্ষেত্রে আকস্মিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘আমি এমন কিছু পদক্ষেপের মাধ্যমে এই হুমকি নিষ্ক্রিয় করার চেষ্টা করব, যেগুলো আপাতত গোপন রাখাই ভালো। এতে আমরা আকস্মিকতার সুবিধা ধরে রাখতে পারব। ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে।’
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আব্রাহাম চুক্তিতে আরও কয়েকটি দেশ যোগ দিতে পারে বলেও দাবি করেন তিনি। নেতানিয়াহুর ভাষ্য, এসব দেশ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে চুক্তির শর্ত হিসেবে রাখবে না, কারণ তারা জানে ইসরায়েল তা মেনে নেবে না।
তিনি বলেন, ‘আমরা দুইয়ের বেশি দেশের কথা বলছি। আমরা মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছি। আমি বলেছিলাম, আমরা পরিবর্তন আনব, আর আমরা সেটাই করেছি।’
সূত্র : আল জাজিরা
