গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. লালচান (৬০), মোছা. নাসিমা বেগম (৫০) ও মোছা. তানিসা আক্তার (১৬)।
জানা যায়, বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে একই পরিবারের দুই নারীসহ তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে আসেন। তাদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসা আক্তারের ৮৬ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে গ্যাস লিকেজ থেকে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা বিস্তারিতভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
