মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাত এবং সৌদি আরবে হুথিদের একের পর এক হামলার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটছে। টানা তৃতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী, যার প্রভাব পড়েছে এশিয়া ও ইউরোপের বাজারে। দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম অন্তত ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ৭২ ডলার ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহে তেলের দাম ৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। রয়টার্সের খবর বলছে, এটি গত মে মাসের পর থেকে তেলের রেকর্ড দর।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দাম ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে শুক্রবার ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। এশিয়ায় সামরিক উত্তজনা আরও ছড়িয়ে পড়লে তেল সরবরাহ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সৌদি আরবে হুথিদের ধারাবাহিক আক্রমণ পরিস্থিতিকে আরও বেশি অনিশ্চিত করে তুলেছে।
তবে বৈশ্বিক এই অস্থিরতার বিপরীতে রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, বর্তমানে রাশিয়ায় পেট্রল ও ডিজেলের উৎপাদন বেড়েছে এবং জ্বালানির মজুতও বৃদ্ধি পেয়েছে।
বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিওকে ফাইন্যানশিয়াল সিকিউরিটিজের ট্রেডিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার সতর্ক করেছেন। তার মতে, সাম্প্রতিক উত্তজনা ইরানে আরও তীব্র হামলার ইঙ্গিত দিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে তেলের দামকে আরও উসকে দিতে পারে বলে বাজারে আশঙ্কা তৈরি হয়েছে।
The post দুই মাসে তেলের দাম সর্বোচ্চ, বিশ্ববাজারে বড় অস্থিরতা appeared first on Daily Sangbad Chorcha.
