স্টাফ রিপোর্টার: বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন।
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১১টা ৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম বলেন, “আমাদের শিক্ষার্থী চেসি ত্রিপুরা রাত ১১টা ৭ মিনিটে চিকিৎসকদের উপস্থিতিতে আমাদের ছেড়ে চলে গেছেন।”
নিহত চেসি ত্রিপুরা খাগড়াছড়ি জেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর এমন অকালমৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা তাঁর গভীর শোক প্রকাশ করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চেসি মারাত্মকভাবে আহত হন। প্রথমে তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
The post ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন appeared first on সোনালী সংবাদ.
