টাঙ্গাইলে রডের বদলে বাঁশ দিয়ে কালভার্ট নির্মাণকালে ধস, তিনজনকে শোকজ
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবুর খালের পার্ক বাজার অংশে নির্মাণাধীন একটি বক্স কালভার্টের সাটারিংয়ে কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় তা ধসে পড়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এফএ ট্রেডার্স’-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কার্যসহকারী আব্দুল আওয়ালকে চাকরিচ্যুত করেছে।
১৩ লাখ ৮৮ হাজার ৫৫৪ টাকা ব্যয়ে খালের ওপর বক্স কালভার্ট নির্মাণের জন্য ‘এফএ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছিল টাঙ্গাইল পৌরসভা। নির্মিত কালভার্টের সাটারিংয়ে কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ের কাজ করার সময় গত বুধবার তা ধসে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে তা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে তিনি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পৌর প্রশাসককে নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পালকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে পৌর কর্তৃপক্ষ। কমিটির সদস্যসচিব করা হয়েছে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনকে এবং সদস্য হিসেবে রয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম বলেন, "সমস্যাযুক্ত অংশটি ভেঙে ফেলা হয়েছে এবং বর্তমানে অত্যন্ত মজবুতভাবে সাটারিংয়ের কাজ চলছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে মূল বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে।"
টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, "স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এর পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে সাটারিং করে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই প্রকৃত রহস্য উদঘাটন হবে।"
