পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে চারটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১২ রাউন্ড গুলি ও অস্ত্র বিক্রির নগদ টাকাসহ মোট ৪ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ১ জন আসামি পালিয়ে যান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানাধীন ঢালারচর ইউনিয়নের রামনারায়নপুর ও সুজানগর থানাধীন নাজিরগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ২টি দেশীয় ওয়ান শুটারগান ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ আরও দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রামনারায়নপুর এলাকার মৃত ঝড়ু মন্ডলের ছেলে মো. জলিল মন্ডল (২৮) এবং মিরপুর এলাকার মো. জসিম মন্ডলের ছেলে মো. বাবলু মন্ডল (২৬)। তবে ঘটনার সঙ্গে জড়িত অপর এক আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
অপরদিকে বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে পাবনা সদর থানাধীন হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি ২২ বোরের ৮ চেম্বার বিশিষ্ট বিদেশি রিভলবার, ১০ রাউন্ড তাজা কার্তুজ এবং অস্ত্র বিক্রয়ের নগদ ৩০ হাজার টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চরঘোষপুর এলাকার মো. আনসার শেখের ছেলে মো. আলাল শেখ (৫২) এবং আমিনপুর থানার ভাটিকয়া এলাকার মো. হাশেম কাজীর ছেলে মো. জনি কাজী (২৮)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সালাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অস্ত্র মামলা রয়েছে। উদ্ধার আলামতসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার এবং অতিরিক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে।
