কৌশলগতভাবে বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে ২০ লাখ (২ মিলিয়ন) ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ অক্টোবর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য দাবি করেছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মাইনের আঘাতে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।
আইআরজিসির অভিযোগ, ট্যাংকারটি তার ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় প্রতারণার আশ্রয় নিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে।
বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে ইরানের নিয়ম লঙ্ঘন করে যেসব জাহাজ চলাচলের চেষ্টা করবে, তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে।
এদিকে, ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি সুপারট্যাংকারে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির দাবি, ভিডিওটি আইআরজিসির কাছ থেকে পাওয়া। এতে সমুদ্রে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়।
তবে জাহাজটির নাম, এর প্রকৃত অবস্থান, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরানের দাবির স্বাধীন যাচাইও এখনো স্পষ্ট নয়।
বিআলো/শিলি