
নিয়মানুবর্তিতা মানুষের জীবনে লক্ষ্য অর্জনকে সহজ করে তোলে বলে মন্তব্য করেছেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও, সিলেটের ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। তিনি বলেন, যাবতীয় বিশৃঙ্খলা এড়ানো ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিয়মানুবর্তিতা অপরিহার্য। শিক্ষার্থীদের আগামীর পথচলা সুন্দর ও সফল করতে অধ্যবসায়ী হওয়ার পাশাপাশি নৈতিক উৎকর্ষ সাধনে যত্নশীল হতে হবে। নামাজে অভ্যস্ত হওয়া, ভালো বন্ধু নির্বাচন এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদক, অপসংস্কৃতি ও নীতিবিবর্জিত রাজনীতি থেকে দূরে থাকতে হবে।
বৃহস্পতিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁওয়ের দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সমাপনী ক্লাস ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রেণিশিক্ষক খোরশেদ আলম মহসিনের পরিচালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাওলানা হানীফ হোসাইন, মো. শাহীন আলম ও মাওলানা আমীর হোসাইন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ ও ছাত্রী সংসদের ভিপি রাফা আঞ্জুম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা আবদাল হোসাইন, তানভীর হোসাইন, মনির হোসাইন, সাকিব আহমদ, হাফিজ ইমরান আহমদ, মাওলানা কায়েস আহমদ ও হোসাইন আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্র সংসদের জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ এবং ছাত্রী সংসদের জিএস ফেরদৌসী জান্নাত নওশীন।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, শিক্ষার্থীদের মা-বাবা ও শিক্ষকদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে এবং তাঁদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। হৃদয়ে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশের কল্যাণে কাজ করতে হবে। মানুষের উপকারে আত্মনিয়োগ করতে হবে এবং কারও ক্ষতি করার চিন্তা থেকে দূরে থাকতে হবে। পড়াশোনা ও চরিত্র গঠনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা শিক্ষার্থীদের অত্যাবশ্যকীয় দায়িত্ব। বিজ্ঞপ্তি
