হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় আন্দুলবাড়িয়া ঈদগাহের সামনে কাজলা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আন্দুলবাড়িয়া গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মনোখালির ‘গ্রাম বাংলা’ নামের নৌকা। দ্বিতীয় স্থান অর্জন করে তুলারামপুরের পরিচালনায় অংশ নেওয়া গোপালগঞ্জের নৌকা।
প্রতিযোগিতা দেখতে কাজলা নদীর দুই তীরে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। নৌকা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬ আয়োজক কমিটির সভাপতি মো. হুমায়ুন কবীর।
স্থানীয়দের মতে, নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা সম্ভব।
