মাঠে অজ্ঞান, হাসপাতালে কেমন আছেন বায়ার্ন কোচ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অনুশীলন সেশনের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাঠেই লুটিয়ে পড়েন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। দ্রুত এ বেলজিয়ান কোচকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রাখা হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
গত সপ্তাহ থেকে কোম্পানি একটি সংক্রমণে ভুগছিলেন যা তার পায়ে প্রভাব ফেলছিল। যদিও বুধবার আর্সেনালের বিপক্ষে বায়ার্নের চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি মাঠের বাইরে ছিলেন। বায়ার্ন জানায় ৪০ বর্ষী এ কোচ ঘটনার দিন ক্লাবের রিজার্ভ দলের একটি অনুশীলন সেশন দেখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এক বিবৃতিতে ক্লাব লিখেছে, ‘কোম্পানি হাসপাতালে নিবীড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন এবং চিকিৎসাধীন থাকবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার কোচিং স্টাফ প্রশিক্ষণ ও ম্যাচ কার্যক্রম তত্ত্বাবধান করবেন।’
ক্লাবের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল বলেছেন, ‘ কোম্পানিকে তার প্রয়োজনীয় সমস্ত সময় দেয়া হবে। ভিনসেন্ট কোম্পানির স্বাস্থ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বায়ার্নের পক্ষ থেকে আমরা তার দ্রুত আরোগ্য নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছুই করব।’
গত সপ্তহের শনিবার বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলের জয়ের ম্যাচে নিস্তেজ ছিলেন এবং বসেই ছিলেন। চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল ম্যাচের আগে সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস কোম্পানির মাঠ ও মাঠের বাইরের সকল দায়িত্ব গ্রহণ করেন। সে ম্যাচের পর কোম্পানি জানান তিনি অসুস্থতা সত্ত্বেও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং নিজের শরীরের সংকেত উপেক্ষা করেছিলেন।
ক্লাবের ক্রীড়া পরিচালক বলেছেন, ‘এটা একটা ভাইরাস। ডাক্তাররা, বিশেষজ্ঞরা আমার চেয়ে অনেক বেশি জানেন। আমরা তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিতে উৎসাহিত করেছি তা হলো, সে যেন বিশ্রাম নেয়, তার যতটুকু সময় প্রয়োজন, সে যেন তা নেয়।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
