ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে মুখমণ্ডল থেতলানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ত্রিশালের বগারবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বগারবাজার এলাকায় মহাসড়কের পাশে মুখমণ্ডল থেতলানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় একটি সূত্রের দাবি, ভোররাতে ওই নারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে কয়েকজন বখাটে তাঁকে হত্যা করে মহাসড়কের পাশে মরদেহ ফেলে রেখে চলে যায়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, মরদেহের সুরতহাল করার সময় নারীর কপাল ও মুখমণ্ডল থেতলানো অবস্থায় পাওয়া গেছে। কেউ মুখে আঘাত করে তাঁকে হত্যা করেছে, নাকি কোনো গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে মুখে আঘাতের চিহ্ন ছাড়া ধর্ষণ বা অন্য কোনো আলামত পাওয়া যায়নি।
