প্রেক্ষাগৃহে মুক্তির এক দশক পর ওটিটি প্ল্যাটফর্মে আসছে শরিফুল রাজ ও নাজিফা তুষি অভিনীত প্রথম সিনেমা ‘আইসক্রিম’। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি আজ সোমবার রাত ১২টায় মুক্তি পাবে চরকিতে। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রাজ ও তুষীর।
‘আইসক্রিম’ মুক্তির সময় সিনেমাটি নিয়ে আবেগের কথা জানিয়েছিলেন শরিফুল রাজ। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি। সিনেমাটির নির্মাতার কাছে আমি কৃতজ্ঞ।’
সিনেমাটির নাম ‘আইসক্রিম’ রাখার কারণ ব্যাখ্যা করে গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও পরিচালক রেদওয়ান রনি বলেছিলেন, ‘সিনেমাটিতে আমি একটা সম্পর্কের গল্প বলতে চেয়েছি। আর সম্পর্কটা আইসক্রিমের মতো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়।’
সিনেমাটির মধ্য দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেছিলেন নাজিফা তুষি। সেই সময়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা যে একটা বড় ক্যানভাস, এসব কিছু না বুঝেই, না জেনেই সিনেমার ক্যানভাসে দাঁড়িয়ে গিয়েছিলাম। তখন আমি ইন্ডাস্ট্রির কিছুই জানি না, বুঝি না। আমার জাস্ট একটা ইচ্ছা ছিল যে আমি অভিনয় করতে চাই।’
তুষি আরও বলেন, ‘তখন এফডিসির বাইরে অল্টারনেটিভ সিনেমা হচ্ছিল অনেক কম। আমার কাছে মনে হয়েছিল যে “আইসক্রিম” গুড ফিল্ম এবং রেদওয়ান রনি ভালো ডিরেক্টর। ওই জায়গা থেকে আমি ছোট মানুষ, আমি ভেবেছি যে সিনেমাটা করা যায়। “আইসক্রিম” করার পর আমি অনেক কিছুই বুঝেছি। খুব অবাক লাগে যে, কীভাবে কীভাবে সিনেমাটা করেছিলাম এবং তারও ১০ বছর পার হয়ে গেল।’
অন্যদিকে, সিনেমাটিকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখেন শরিফুল রাজ। ১০ বছর আগের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, ‘১০ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন আছে। কিন্তু “আইসক্রিম” আমার জীবনের সেই ভিত্তি, যা আমাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছে।’
রাজ আরও বলেন, ‘রিহার্সাল, ক্যামেরার পেছনের সেই নার্ভাসনেস, রেদওয়ান রনি ভাইয়ের গাইডেন্স আর শুটিং সেটের মুহূর্ত এখনো জীবন্ত। ক্যারিয়ারের শুরুতে যে প্যাশন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, দর্শকেরা চরকিতে “আইসক্রিম” সিনেমার মাধ্যমে আমার শুরুর দিনগুলোকে দেখতে পাবেন। সত্যি অদ্ভুত অনুভূতি।’
সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান। এতে আরও অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম।
দীর্ঘ ১০ বছর পর ওটিটিতে মুক্তির মধ্য দিয়ে দর্শকেরা আবারও দেখার সুযোগ পাচ্ছেন ‘আইসক্রিম’। পাশাপাশি শরিফুল রাজ ও নাজিফা তুষির অভিনয়জীবনের শুরুর দিকের কাজটিও নতুন করে দেখার সুযোগ তৈরি হচ্ছে।
সংশ্লিষ্ট সংবাদ: আইসক্রিম
২৩ জুলাই ২০২৩
১৬ জুলাই ২০২৩
