কালাইয়ে অভাবের তাড়নায় এক মাস আগে নিজের কিডনি বিক্রি করে দিয়েছেন ছামছুল ইসলাম (৩০) নামে এক যুবক। এতেও ঘোচেনি তার অভাব। এর মধ্যে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। তার কিডনি বিক্রির বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। গত মঙ্গলবার রাতে মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার থেকে তাকে গ্রেপ্তারের পর বুধবার আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার ছামছুল শাইলগুণ গ্রামের সামসুদ্দিন ম-লের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কিডনি বিক্রির বিষয়টি সামনে আসে। ছামছুলের ভাষ্য, প্রায় এক মাস আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই হয়ে ইরানে যান। সেখানে একটি হাসপাতালে নিজের বাম পাশের কিডনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। ছামছুল আরও জানান, চট্টগ্রামে কাজের সুবাদে মাসুম নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। পরে তার মাধ্যমে কিডনি ক্রেতার সঙ্গে যোগাযোগের একপর্যায়ে পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে তাকে ইরানে নেওয়া হয়। সেখানে এক নারী ব্যবসায়ীর শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন। জানা গেছে, গ্রেপ্তারের সময় ছামছুলের পকেটে ইরানের এক চিকিৎসকের প্রেসক্রিপশন ছিল। তার শরীরের বাম পাশে অস্ত্রোপচারের দাগ দেখা গেছে।
ওসি সাইদুল আলম বলেন, ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জানা যায়, তিনি সম্প্রতি কিডনি বিক্রি করেছেন। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ বেচাকেনা আইনত দ-নীয় অপরাধ। এ উপজেলায় কিডনি কেনাবেচার সঙ্গে জড়িত সক্রিয় দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
