ক্রিকেটের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারে আবারও অবসরের শঙ্কা। ২০২৭ মৌসুমের জন্য ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার তার সঙ্গে চুক্তি নবায়ন করছে না বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। ৪৪ বছর বয়সী এই পেসার তাই ক্রিকেট চালিয়ে যাবেন, নাকি অবসরের সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই ল্যাঙ্কাশায়ারের কর্মকর্তারা অ্যান্ডারসনকে জানিয়েছেন, আগামী মৌসুমে তার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না। তবে ক্লাবটির হয়ে ২০২৭ মৌসুমেও খেলতে আগ্রহী ছিলেন তিনি। এখন তার সামনে দুটি পথ- অবসরে যাওয়া, অথবা অন্য কোনো কাউন্টি দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া।
২০২৬ মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ব্যক্তিগতভাবে দারুণ সময় কাটিয়েছেন অ্যান্ডারসন। ১৭.৬৮ গড়ে নিয়েছেন ৫০ উইকেট। কিন্তু তার নেতৃত্বে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে ক্লাবটি শেষ করেছে পয়েন্ট তালিকার নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে। এটি অ্যান্ডারসনের নেতৃত্বে দলটির সবচেয়ে বাজে ফল।
এমন হতাশাজনক মৌসুমের পর ক্লাবটিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। চলতি মাসের শুরুতে ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের সাবেক সহকারী কোচ পল ফারব্রেস। ক্লাবটির ক্রিকেট পরিচালনা কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে।
এবার অবসর নিলে অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতির মুখে পড়বেন অ্যান্ডারসন। ২০২৪ সালে ইংল্যান্ডের টেস্ট দলের তৎকালীন কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট তাকে ভবিষ্যৎ পরিকল্পনার বাইরে রাখে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই পেসার। এবার কাউন্টি ক্রিকেটেও একই ধরনের পরিস্থিতির মুখে তিনি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় অ্যান্ডারসন। পেসারদের মধ্যে তিনিই সবার ওপরে। ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে ২৬.৪৫ গড়ে নিয়েছেন ৭০৪ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার অর্জন আরও সমৃদ্ধ- ৩১৫ ম্যাচে ২৪.২৫ গড়ে ১ হাজার ১৯৩ উইকেট।
এমএমএম/
