ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধের ৮০ শতাংশই জনসচেতনতার ওপর নির্ভরশীল। তবে এ কারণে সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে করণীয়বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন এবং নিজেই নিয়মিত তা তদারকি করছেন। প্রধানমন্ত্রী যেকোনো সময় হাসপাতাল কিংবা আবাসিক এলাকা পরিদর্শনে যেতে পারেন—এমন নির্দেশনার পর পরিচ্ছন্নতা ও বর্জ্য সংগ্রহ কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
শহরে প্লাস্টিক ও পলিথিনের যত্রতত্র ব্যবহারের কারণে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ডেঙ্গুবিরোধী অভিযানে আদায় করা জরিমানার অর্থ ডেঙ্গুতে প্রাণ হারানো ব্যক্তিদের অসহায় পরিবারকে অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয়। আবদুস সালাম প্রস্তাবটি গ্রহণ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। পাশাপাশি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হলে দ্রুত ডেঙ্গুর টিকা আমদানির প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান তিনি।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছে। রোগীর তুলনায় চিকিৎসাসুবিধা বাড়ানোর পাশাপাশি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা আমদানির উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে কবি কাজী নজরুল সরকারি কলেজ।
প্রতিযোগিতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি ও সনদ বিতরণ করা হয়।
