বীমাগ্রহীতা বা নমিনির ব্যাংক হিসাবে এককালীন অর্থ পরিশোধ করতে হবে। সরকারি রাজস্ব ছাড়া অন্য খাত বাবদ কোনো অর্থ কেটে রাখা যাবে না।
Published : 17 Oct 2026, 09:45 PM
Updated : 17 Oct 2026, 09:45 PM
মেয়াদ শেষ হওয়া বীমার অর্থ ফেরতের বদলে তা থেকে বাধ্যতামূলকভাবে নতুন বীমা পলিসি করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বিভিন্ন জীবন বীমা কোম্পানি এমন পদক্ষেপ নিচ্ছে- এমন অভিযোগ পেয়ে নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিআরএ বলেছে, লক্ষ্য করা যাচ্ছে কিছু সংখ্যক জীবন বীমা করা গ্রহীতাদের মেয়াদোত্তীর্ণ বীমাদাবি, মৃত্যুদাবি এবং প্রত্যর্পন সুবিধা প্রদানের ক্ষেত্রে বীমাগ্রহীতা বা নমিনিকে একই বীমাকারীর নতুন পলিসি কেনার ক্ষেত্রে শর্ত আরোপ করছে কিছু কোম্পানি। আবার কিছু ক্ষেত্রে নতুন পলিসি করতে বাধ্য করছে এবং কোনো কোনো ক্ষেত্রে আগের পলিসির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম বাবদ অর্থ কেটে বা সমন্বয় করে অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
আইন অনুযায়ী বীমাদাবির সম্পূর্ণ অর্থ ৯০ দিনের মধ্যে পুরোপুরি পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করে অর্থ সমন্বয় করে নতুন বীমা পলিসি করার সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে বলেছে আইডিআরএ।
নতুন বিজ্ঞপ্তিতে এ বিষয় তুলে ধরে আইডিআর এ বলেছে, ‘‘বীমাকারীর এহেন কার্যক্রম বীমাগ্রাহকের অসন্তুষ্টি সৃষ্টি ও স্বার্থহানি করছে এবং তা বীমা শিল্পের ক্ষতিসাধন করছে।’’
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পরর্বতী ৩০ দিনের মধ্যে বীমাদাবি পরিশোধ হলে, সেই তারিখ হতে পরবর্তী ৩০ দিন সংশ্লিষ্ট বীমাগ্রহীতার নামে নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না বীমা কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীমাদাবি পরিশোধের সময় ১২০ দিন বা এর বেশি হলে দাবি পরিশোধের তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না কোম্পানি। এটি একই কোম্পানির বেলায় প্রযোজ্য হবে। এ সময়ে ভিন্ন কোনো কোম্পানিতে বীমা করতে পারবেন গ্রাহক।
এছাড়া বীমাগ্রহীতা বা নমিনির ব্যাংক হিসাবে এককালীন অর্থ পরিশোধের নির্দেশনা দিয়ে বলা হয়, সরকারি রাজস্ব ছাড়া অন্য খাত বাবদ কোনো অর্থ রাখা যাবে না।
অপরদিকে বীমা দাবির অর্থ ৯০ দিনের মধ্যে পরিশোধ করলে নতুন বীমা পলিসিতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে আইডিআরএ।
