নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নোয়াপাড়া বুইদার জঙ্গল থেকে রুকন মিয়া (৪০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত-পা ও মুখ কাপড় দিয়ে পেঁচানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত রুকন মিয়া মদনপুর এলাকার গিটুর পাড়ার হোসেন আলীর ছেলে। তার শ্বশুরবাড়ি নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী এলাকায়। তিনি পরিবার নিয়ে নেত্রকোণা শহরের কুরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন রুকন মিয়া। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরে সিংহের বাংলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
