মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ‘আমি স্বেচ্ছায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। পদত্যাগের ব্যাপারে আগেই মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি আমার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন— যাও, এলাকায় গিয়ে কাজ করো।’
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় এই সংসদ সদস্য বলেন, ‘আমি মাদকের বিরুদ্ধেই মূলত যুদ্ধ ঘোষণা করেছি, এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি জমি দখল কিংবা চাঁদাবাজি করতে কোথাও যাইনি। মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতেই মাঠে নেমেছিলাম, আমার এই সংগ্রাম অব্যাহত থাকবে।’
তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশের অভ্যন্তরে মাদকের বিস্তার ঘটানো হচ্ছে এবং ড্রোন ব্যবহার করেও দেশে মাদক আনা হচ্ছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার কোনো ব্যবহারে বা কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) ঢাকার গেণ্ডারিয়া এলাকায় অস্ত্র উঁচিয়ে নিজ অনুসারীদের নিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়, যা পরবর্তীতে রাজনৈতিক অঙ্গন ও সরকারের ভেতরে তীব্র অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সেই বিতর্কের জের ধরেই শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
