দেশে ডেঙ্গুজ্বরের পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন রোগী।
আজ রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসের প্রথম ১৭ দিনেই মারা গেছেন ৯৭ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর রেকর্ড রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৮৮ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪০০ জনে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮২৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬ হাজার ২৬ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৫৯৫ জন)। এছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন, রাজশাহীতে ২০০ জন, বরিশালে ১৯৯ জন, চট্টগ্রামে ১৬৩ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার রোধে এবং রোগীর প্রাণহানি কমাতে এডিসের প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি জ্বর অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দিচ্ছেন।
