চট্টগ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশে মহাষ্টমী উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার (১৯ অক্টোবর) নগরের বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার পূজা, পুষ্পাঞ্জলি, ব্রত, উপবাস ও সন্ধিপূজার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এ উপলক্ষে পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো।
মহাষ্টমী উপলক্ষে নগরের চান্দগাঁওয়ের সাধুরপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সোমেন ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন।
সিএমপি কমিশনার পূজামণ্ডপে পৌঁছালে সাধুরপাড়া পূজা পরিষদের সভাপতি আকাশ দেব নাথ ও সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কমিশনার পূজায় আসা দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পূজার সুন্দর ও সুষ্ঠু আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় সাধুরপাড়া পূজা পরিষদের সদস্য নেপাল নাথ, সহসভাপতি প্রকাশ নাথ, লিটন দেবনাথ, দীপক নাথ ও প্রধান সমন্বয়কারী আশিস নাথ উপস্থিত ছিলেন।
মহাষ্টমীতে পূজামণ্ডপগুলোতে চণ্ডীপাঠ, পূজা-অর্চনা ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। দিনজুড়ে পূজার আনুষ্ঠানিকতা ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর ছিল নগরের বিভিন্ন মণ্ডপ।
