কুমিল্লার সদর দক্ষিণে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্ত অটোরিকশাচালক মো. ইকরামুল হককে (৩৭) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
সোমবার (১২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার চৌদ্দগ্রাম থানার যুক্তিখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকরামুল হক কুমিল্লা সদর দক্ষিণ থানার লালবাগ উত্তরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
এসআরবি জানায় , গত ১০ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর দক্ষিণ থানাধীন লালবাগ এলাকায় একটি কলাবাগানে নিয়ে মানসিকভাবে অসুস্থ ওই নারীকে ফুসলিয়ে ধর্ষণ করে অটোচালক ইকরামুল। ঘটনা শেষে কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামের অপর এক অটোরিকশাচালক তাকে দেখে ফেলেন এবং ঘটনার ভিডিও রেকর্ড করেন। এ সময় ইকরামুল নিজের দোষ স্বীকার করেন।
পরবর্তীতে ওই স্বীকারোক্তিমূলক ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওটি নজরে আসার পর অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১১, সিপিসি-২। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ইকরামুলকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১১, সিপিসি-২ কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো. ইমরুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।