Published : 14 Oct 2026, 11:25 AM
Updated : 14 Oct 2026, 11:25 AM
নেত্রকোণার কেন্দুয়ায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সৌদি আরব প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার বাবা।
মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম।
নিহত মো. আবিদ হক (২৪) কেন্দুয়া উপজেলার পুরানবাড়ী গ্রামের এনামুল হকের ছেলে।
সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আবিদের বাবা এনামুল হক।
স্থানীয়দের বরাতে ওসি তরিকুল ইসলাম বলেন, পুরানবাড়ী গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে এনামুল হকের পরিবারের সঙ্গে প্রতিবেশী বকুল মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে উপজেলার বকুল মিয়ার পক্ষের লোকজন এনামুল হকের পরিবারের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
এতে এনামুল হক ও তার ছেলে আবিদ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে, হত্যায় জড়িতদের ধরতে অভিযানের পাশাপাশি তদন্ত শুরু হয়েছে, বলেন ওসি।
