কুমিল্লার লাকসামে ধানখেত থেকে কাউসার হোসেন নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার ১ নম্বর বাকই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার হোসেন (২৩) ওই গ্রামের পূর্ব বাড়ির মো. হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখেতে কাউসারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’
