কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অভিযান পরিচালনা করে ৫৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৩ লাখ ২ হাজার ১৮৭ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৭৩ জন, পূর্ববর্তী মামলায় ৯০ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ১৩ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় দুই জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪০ জন, পরোয়ানা মূলে ৯৯ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৬ জন রয়েছেন।
আরও পড়ুন
এ ছাড়া মাদক মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন মাদক বহনকারী ও ৬৯ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১১ গ্রেপ্তার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩১টি মাদক মামলা করা হয়।
অভিযানে ৩ লাখ ২ হাজার ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪৮ লিটার ৫০০ মিলিলিটার চোলাইমদ, ১৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, চার টি গাঁজা গাছ, চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ছয় বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিন জন, কক্সবাজারে এক জন, কুমিল্লায় ৯, চাঁদপুরে তিন জন , নোয়াখালীতে চার জন, রাঙ্গামাটিতে এক জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তন্মধ্যে ১০৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৩৪ , কক্সবাজার ১২, ব্রাহ্মণবাড়িয়া ২৯, চাঁদপুর ২৫, নোয়াখালী ১৬, লক্ষ্মীপুর ৯, রাঙ্গামাটি পাঁচ জন এবং খাগড়াছড়ি ১৪ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
রিফাত/
