মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা ও অন্যায়ের পেছনে ইসরায়েলের দখলদারিত্ব এবং সরকারি নীতিকে দায়ী করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও মিসর। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে বিদ্যমান অন্যায় পরিস্থিতি আরও বাড়িয়ে তুলছে ইসরায়েল সরকারের নীতি। চার দেশ মনে করে, ইসরায়েলের দখলদারিত্ব মধ্যপ্রাচ্য ও এর বাইরের অঞ্চলেও অস্থিরতার অন্যতম প্রধান কারণ।
এ সময় ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। প্রস্তাবিত রাষ্ট্রটির রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ফিলিস্তিন সংকট নিয়ে দেশগুলোর অভিন্ন অবস্থান তুলে ধরা হয়।
