কালবেলা · সাধারণ
সাভারে সিএনজি স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
১৩/১০/২০২৬

ঢাকার সাভারে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর এলাকার অনলাইন ফিলিং স্টেশন (সিএনজি) লিমিটেডে এ ঘটনা ঘটে। আহত তিনজনই ফিলিং স্টেশনটির কর্মচারী।
আহতরা হলেন বিল্লাল (২৬), আব্দুর রহমান (৩০) ও মুন্নু (৫০)। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বরাত দিয়ে জানা যায়, বিকেলে ফিলিং স্টেশনটিতে একটি ট্রাকে গ্যাস দেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে ট্রাকটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। বিস্ফোরণের সময় গ্যাস সরবরাহের কাজে নিয়োজিত তিন কর্মচারী গুরুতর আহত হন। তবে ওই সময় ট্রাকের ভেতরে কেউ ছিলেন না বলে জানান তারা।
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
মূল প্রতিবেদনে যান ↗