সুজন শেখ ,রিপোর্টার
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের জাতীয় সভাপতি কাজী ফাহাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন সংগঠনের বেশির ভাগ বোর্ড সদস্য। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে জেসিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বোর্ড মিটিং হয়। সেখানে সভাপতিত্ব করেন ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ।
বৈঠকে আলোচনার মুখ্য বিষয় ছিল দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ন্যাশনাল ট্রেজারি রিপোর্ট। ওই প্রতিবেদনে জেসিআই বাংলাদেশের আয়-ব্যয়ের সঠিক হিসাব না পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে।
এ কারণে উপস্থিত ৪৯ জন সদস্যের মধ্যে ৩১ জন প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন।
বোর্ড সদস্যদের অভিযোগ, বিভিন্ন কার্যক্রম ও আয়োজনের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়নি। তাঁরা সংগঠনের ট্রাস্টিদের প্রতি আহ্বান জানান, যাতে সঠিকভাবে আর্থিক অডিট, সাংগঠনিক যাচাই-বাছাই এবং অবাধ নির্বাচন নিশ্চিত করা হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ২০২৫ সালের অবশিষ্ট সময়ে জেসিআই বাংলাদেশের জাতীয় পর্যায়ের সব অনুষ্ঠান ও আর্থিক কার্যক্রম স্থগিত থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
