Published on
:
1 min read
এই সময়, জলপাইগুড়ি: পথ দুর্ঘটনার হাত থেকে এক মহিলাকে বাঁচাতে গিয়ে মারা যান জলপাইগুড়ির রাজগঞ্জ থানার সিভিক ভলান্টিয়ার আজিজুল হক (৩৫)। শনিবার তাঁর শেষযাত্রায় অংশ নিলেন থানার আইসি-সহ পুলিশকর্মীরা। জলপাইগুড়ির রাজগঞ্জের বাবুপাড়ার বাসিন্দা আজিজুল দীর্ঘ দিন ধরে রাজগঞ্জ থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন।
জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রতিমা নিরঞ্জনের শেষ দিনে তাঁর ডিউটি পড়েছিল মদকপাড়া মোড়ে। ডিউটিরত অবস্থায় এক মহিলাকে বেলাগাম মোটরবাইকের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে তিনিও জখম হন। রাস্তায় ছিটকে গিয়ে তাঁর মাথায় আঘাত লাগে। রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস বলেন, 'আজিজুল ওই মহিলাকে বাঁচাতে পারলেও মোটরবাইকের ধাক্কায় মাথায় মারাত্মক ভাবে চোট পান। দ্রুত তাঁকে বেলাকোবা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার শোকস্তব্ধ পুলিশকর্মীরা।'
জেলা পুলিশের পক্ষ থেকে আজিজুলের পরিবারকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি। আজিজুলের পরিবারে স্ত্রী, ছোট্ট সন্তান ও বাবা-মা রয়েছেন। শনিবার ময়নাতদন্তের পরে জলপাইগুড়ি থেকে আজিজুলের দেহ বেলাকোবায় নিয়ে যান সহকর্মীরা। বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি অভিজিৎ কুণ্ডু, সমাজকর্মীরা মোটরবাইক নিয়ে শোকযাত্রার মাধ্যমে দেহ বেলাকোবা পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে শেষ শ্রদ্ধা জানান।
