মিশিগানে আগাম ভোট শুরুর প্রথম দিনে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদের পক্ষে প্রচারণায় নেমেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার ডেট্রয়েটে এক বিশাল সমাবেশে তিনি এল-সায়েদের প্রতি পূর্ণ সমর্থন জানান। ওবামা বলেন, এল-সায়েদ রাজনীতি থেকে অর্থের প্রভাব দূর করে সাধারণ মানুষের পকেটে টাকা আনতে কাজ করবেন। সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অসমাপ্ত কাজও শেষ করবেন।
নিজের পকেট ভারী করছেন ট্রাম্প: সমাবেশে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন ওবামা। তিনি অভিযোগ করেন, ট্রাম্প নিজের এবং তার পরিবারের সম্পদ বাড়াতে ব্যস্ত। ট্রাম্প প্রশাসনকে সুবিধা নেয়ার সংস্কৃতি চালুর জন্যও অভিযুক্ত করেন তিনি। হোয়াইট হাউসের সাম্প্রতিক সংস্কার নিয়ে উপহাস করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, হোয়াইট হাউসকে এখন এমন দেখাচ্ছে যেন সাদ্দাম হোসেন কোনো চিজকেক ফ্যাক্টরি খুলেছেন।
এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নিয়েও তিনি কটাক্ষ করেন। ওবামা বলেন, হেগসেথ সেনাদের চোয়ালের গঠন ও টেস্টোস্টেরনের মাত্রার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। কানাডার ওপর ট্রাম্পের শুল্ক নীতিরও সমালোচনা করেন তিনি।
অতীত ভুলে এল সায়েদকে সমর্থন: মার্কিন সিনেট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে লড়ছেন এল-সায়েদ। আগামী ৩রা নভেম্বরের এই নির্বাচনে জয়ী হলে তিনি হবেন মার্কিন সিনেটের প্রথম মুসলিম এবং মিশরীয়-বংশোদ্ভূত আমেরিকান সদস্য।
আগস্টের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারিতে মধ্যপন্থি প্রার্থী হ্যালি স্টিভেন্সকে হারিয়েছিলেন এল-সায়েদ। ওই সময় ওবামা কোনো পক্ষ না নিলেও এখন তিনি প্রকাশ্যে এল-সায়েদকে সমর্থন দিচ্ছেন। যদিও একসময় এল-সায়েদ সবার জন্য স্বাস্থ্যসেবার দাবি তুলে ওবামার স্বাস্থ্য নীতিকে ধীরগতির বলেছিলেন, তবে প্রাইমারির পর থেকে তিনি ওবামাকে তার পরামর্শক হিসেবে উল্লেখ করছেন। মতবিরোধ প্রসঙ্গে ওবামা রসিকতা করে বলেন, সবাই তার সব কাজের সঙ্গে একমত হবেন না, এমনকি মিশেল ওবামাও সব সময় তার সঙ্গে একমত হন না।
এই সমাবেশে মিশিগানের গভর্নর পদে লড়তে যাওয়া ডেমোক্রেটিক প্রার্থী জসিলিন বেনসনের পক্ষেও ভোট চান ওবামা।
এই পদে বেনসনের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জন জেমস জয়ী হলে তিনি হবেন মিশিগানের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর। এদিকে নির্বাচনী প্রচারণাজুড়ে এল-সায়েদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছেন ট্রাম্প। তিনি এল-সায়েদকে ‘জিহাদি’ আখ্যা দিয়ে তার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন। এল-সায়েদ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন। জনমত জরিপ অনুযায়ী, এল-সায়েদ ও রজার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। রিয়েলক্লিয়ারপলিটিক্স-এর জরিপে এল-সায়েদ প্রায় ২.৬ পয়েন্টে এগিয়ে আছেন।
