চট্টগ্রামের পটিয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা সিফাতুর নূর সিফাত (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। অন্যদিকে, শাশুড়ির সঙ্গে অভিমানের জেরে ওই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছে শ্বশুরপক্ষ।
নিহত সিফাতুর চন্দনাইশ পৌরসভার নয়াপাড়া এলাকার আহমদ নূর ও জুহিনুর আক্তারের মেয়ে। তাঁর স্বামী মোহাম্মদ তারেক দুবাইপ্রবাসী। গত ১৯ জুন তাঁদের বিয়ে হয়েছিল।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি রিজিয়া বেগম তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত ১৪ অক্টোবর তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে পরিবারের লোকজন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর দুপুরে তাঁর মৃত্যু হয়।
এদিকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়, শাশুড়ির ওপর অভিমান করে নিজের কক্ষে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন সিফাত। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। গৃহবধূকে উদ্ধারের সময়ের একটি ভিডিও স্থানীয়দের হাতে রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি রিজিয়া বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জেএইচআর
