নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক তরুণীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম
গ্রেপ্তাররা হলেন—উপজেলার মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) এবং এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)। তাদের সবাই ভ্যানচালক।
মামলার এজাহার থেকে জানা যায়, গতকাল শনিবার রাতে বিল্লালের সঙ্গে দেখা করতে ময়মনসিংহ থেকে কেন্দুয়ায় আসেন ওই তরুণী। এরপর বিল্লাল তার দুই বন্ধু হারুন ও রুবেলকে ডেকে আনেন। তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করেন।
ওসি জানান, গতকাল রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তরুণী। পরে ধর্ষণ মামলা রুজু করে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
