মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বিজয়া দশমীর রাতে অতিরিক্ত মদপানে ও বিষক্রিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই যুবকের একজন মুসলিম ও অপরজন সনাতন ধর্মের অনুসারী। বুধবার বিজয়া দশমীর রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়ার পর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে তারা মারা যান।
নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস এবং একই ইউনিয়নের বাখেরা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর । বর্তমানে মৃত দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিজয়া দশমীর রাতে উপজেলার জারিয়া চতুর্থপল্লী মহাশ্মশান দুর্গা মন্দির এলাকায় বিধান ও আলমগীর অতিরিক্ত মদপান করেন। বাড়ি ফেরার পর তারা তীব্র অসুস্থতা অনুভব করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকালে তাদের উভয়েরই মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত মদপান ও বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
