‘অগ্রযাত্রার চার বছর’ স্লোগানকে ধারণ করে চার বছরের পথচলা পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে জাতীয় দৈনিক কালবেলা। এ উপলক্ষে টাঙ্গাইলে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের দারুল কুরআন ইসলামিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের নিয়ে কেক কাটা ও খাবার বিতরণ করা হয়। পরে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি পাঠকমহলে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। দেশ ও মানুষের কথা তুলে ধরা, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমসাময়িক ঘটনাবলি দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে পত্রিকাটি গণমাধ্যম অঙ্গনে এগিয়ে চলেছে। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণের এ শুভক্ষণে কালবেলার অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক কালবেলার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো. শাহ আলম। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীতে কালবেলা পরিবারের সবাইকে শুভেচ্ছা জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সেইসঙ্গে কালবেলায় কর্মরত সবার জন্য দোয়া কামনা করেন।
টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মা।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপারের প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ ও টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জ্বল।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি সাজ্জাত হোসেন লিংকন, গ্রিন টিভি টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাসুদ কাউছার, সাংবাদিক মনির হোসেন, আনোয়ার হোসেন নয়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এছাড়াও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক কামরুল হুদা রাজ্জাক ও পরিচালনা কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোমলমতি এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
