সদ্যঘোষিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও রাজপথের নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন। গতকাল শনিবার বিকেলে ‘দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত তৃণমূল বিএনপি’র ব্যানারে উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, দলের দুঃসময়ে যেসব নেতাকর্মী হামলা, মামলা ও সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের নতুন কমিটিতে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। ত্যাগীদের বাদ দিয়ে বিশেষ স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে একটি ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও জানান, ঘোষিত ২০ সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে ১২ জনই সরকারি ও এমপিওভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সুবিধাবাদী ও চাটুকারদের দিয়ে কমিটি গঠন করায় ত্যাগী নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন এবং এতে দলের সার্বিক সাংগঠনিক কার্যক্রম মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশ থেকে অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়নের জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক প্রচার সম্পাদক মোজাফফর হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক কেলেসহ স্থানীয় তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।