পঞ্চমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। ১২ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই স্কুটি আরোহী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার প্রফুল্ল নগর ১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। এই ঘটনায় দুর্গাপুজোর মধ্যে এলাকায় শোকের ছায়া নেমেছে।
মৃতদের মধ্যে একজনের নাম সত্যেন রায়। বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বোয়ালিয়া এলাকায়। যদি অপরজনের নাম জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, একই এলাকার বাড়ি দুই জনের। সূত্রের খবর, ওই দুই যুবক রানাঘাট থেকে স্কুটিতে চেপে শান্তিপুরের দিকে আসছিল। ঠিক তখনই ফুলিয়া প্রফুল্ল নগরের কাছে আচমকা একটি ডাম্পার এসে স্কুটিতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ডাম্পারের চাকায়পিষ্ট হয়ে যায় ওই দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর ট্রাফিক পুলিশ। কিছুক্ষণের তৎপরতায় মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কী কারণে ওই দুই যুবক রানাঘাট গিয়েছিল তা জানান যায়নি। কোন পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, এলাকাবাসীর দাবি, রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ডাম্পার চলে। বিপজ্জনকভাবে মানুষকে চলাফেরা করতে হয়। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। এর জেরে এলাকায় পুলিশি নজরদারির দাবি জানান এলাকাবাসী।
উল্লেখ্য, নদিয়ার পাশাপাশি পঞ্চমীর ভোররাতে কাঁকসার রাজবাঁধ এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রাক্টর ও চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এজনের, আহত ৪। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, ছোট গাড়িটি দ্রুত গতিতে আসছিল। আচমকা চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা বালি বোঝাই ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে। এর জেরেই দুর্ঘটনা। অন্যদিকে, এদিন সকালেই বিরাটিতে জ্বালানি বোঝাই একটি ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। বারাসতের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ডিজেল বোঝাই ট্যাঙ্কার। রাস্তায় জ্বালানি ছড়িয়ে যায়। ফলে পঞ্চমীর সকালে মূল রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে প্রবল যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানার পুলিশ ও দমকল পৌঁছায়। দুর্ঘটনা এড়াতে রাস্তায় বালি ছড়ানো হয়েছে।
