যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার রিপাবলিকান দলের নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের বিরোধিতার মুখে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ঘোষিত পরিকল্পনা তিনি বাতিল করেন বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয়।
এ সিদ্ধান্তের ফলে আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে না। তবে নির্ধারিত দিনেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আমার মনে হয়, সন্ত্রাসী ও হাসানের মতো নিকৃষ্ট লোকদের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে আচরণ করে, তা বিশ্বকে দেখানোর জন্য মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হলে তা শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করতে পারত। কিন্তু অনেক ভালো ও সদিচ্ছাপূর্ণ মানুষ তাকে মৃত্যুবরণ করতে দেখতে চান না সরাসরি সম্প্রচার কিংবা অন্য কোনো দৃশ্যমান মাধ্যমে।‘
হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প ও তার উপদেষ্টারা আগে অবগত ছিলেন না বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এ তথ্য জানান।
এর আগে পেন্টাগনপ্রধান পিট হেগসেথ টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনার কথা ঘোষণা করেন। ২০০৯ সালে হাসানের প্রাণঘাতী হামলার ঘটনাও ঘটেছিল এই ঘাঁটিতে।
ট্রাম্পের সিদ্ধান্তে তার ঘনিষ্ঠ মিত্র হেগসেথের সঙ্গে প্রকাশ্যে মতপার্থক্য দেখা দিলেও পেন্টাগন জানিয়েছে, এ বিষয়ে দুজনের মধ্যে কোনো বিরোধ নেই। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, সিদ্ধান্ত ঘোষণার আগে ট্রাম্পের সঙ্গে হেগসেথের কথা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমর্থন করেন এবং দুজনের অবস্থান সম্পূর্ণ অভিন্ন।
মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের দলের মধ্যেও আপত্তি উঠেছিল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ কয়েকজন রিপাবলিকান নেতা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। ধর্মীয় নেতারাও পরিকল্পনাটির সমালোচনা করেন।
মতামত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের বিরোধী। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ক্যাথলিক সদস্যদের ধর্মীয় পরিচর্যার দায়িত্বে থাকা আর্চবিশপ টিমোথি ব্রগলিও এ পরিকল্পনার বিরোধিতা করেন। পোপ লিও সব ধরনের মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছেন।
ইউটার রিপাবলিকান সিনেটর জন কার্টিস সিদ্ধান্তটি বাতিল করাকে ‘সঠিক পদক্ষেপ’ বলে অভিহিত করেন। অন্যদিকে, ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট প্রতিনিধি রিচার্ড নিল মূল পরিকল্পনাটিকে নৈতিক বিচারবোধ ও সাধারণ মানবিকতার চরম ব্যর্থতা বলে মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রে বিচারিক মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচারের কোনো নজির অন্য দেশে রয়েছে বলে জানা যায় না।
