মো. আসাদুজ্জামান নয়ন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আওয়ামী লীগ ভেবেছে লুটপাট করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা মনে করেছিল এভাবেই জীবন যাবে। হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি। বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, শাস্তি হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনারও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেজর হাফিজ উদ্দিন আহমেদ আইপিইউ-এর এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অনুষ্ঠিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ বলেন, বর্তমানে প্রত্যেক মানুষের বাক-স্বাধীনতা আছে। তারা সরকার ও সরকার প্রধানের সমালোচনা করতে পারবে। একজন মহিলা এমপি বিরুদ্ধে একটি হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। এটি কেবল এদেশে বিএনপি সরকারই করেছে। অন্য কোনো সরকারের এমন নজির দেশে নেই। বিএনপি ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিগুলো দেশে এত লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি। দেশের সম্পদ ও টাকা লুটপাট করে তারা বিদেশে প্রাসাদ তৈরি করেছে। তাদের পতনের পর এখন বিদেশের সে সব প্রসাদে বসে তারা দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
